সারাদেশে ১২ আগস্ট থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সাইফুল আলম এই ঘোষণা দেন।

সভায় বরিশাল, খুলনা বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন।

সভায় নেতারা জানান, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে এর ৯৮ ও ১০৫ ধারা ছাড়াও বিভিন্ন সুপারিশকৃত ধারা সংশোধনের দাবি জানানো হয়েছে। এছাড়া বাণিজ্যিক মোটরযানের কার্যকারিতা বা ‘ইকোনমিক লাইফ’ ২০-২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার প্রস্তাব দেওয়া হয়। বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর দ্বিগুণ অগ্রিম কর আরোপ করায় ক্ষোভ জানিয়ে তা কমিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়ক থেকে সরিয়ে নিতে সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করার দাবি জানিয়েছে পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

তারা বলছেন, দুর্ঘটনায় জড়িত কোনো যানবাহন থানায় আটক হলে তা ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুরোনো ও অচল যানবাহনের জন্য একটি কার্যকর স্ক্র্যাপ নীতিমালা তৈরিরও আহ্বান জানানো হয়েছে।

এছাড়া মহাসড়কে অটোরিকশা, টেম্পু বা অন্যান্য হালকা যানবাহনের জন্য বিআরটিএ অনুমোদনবিহীন যানগুলোকে নির্দিষ্ট লেনে চালানোর দাবি উঠেছে।

ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়নের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন