নাটোরের লালপুরের গোপালপুরে প্রাইভেটকার থামিয়ে চালক সাইদুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাহমিদুর রহমান নামে একজনকে আটক করে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর রেলগেট এলাকার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইদুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার বিষয়ে তদন্ত চলছে এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে একটি প্রাইভেটকার বনপাড়ার উদ্দেশে যাত্রা করছিল। পথে গোপালপুরের নর্থবেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পাশে রেলগেট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামিয়ে চালক সাইদুল ইসলামকে গাড়ির ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। গাড়ি থেকে বের হতে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ছুরি উদ্ধার করে। প্রাইভেটকার ও নিহতের মরদেহ থানায় আনা হয়। একই রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। অভিযান চালিয়ে দৌলতপুর এলাকা থেকে তাহমিদুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
এলএনডি/এমআর






