বিয়ে করতে যাওয়ার সময় বরের মৃত্যু

Liberty News Desk
সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনায় বিয়ের পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর অমিত কুমার সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অমিত কুমার সরকার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ও প্রবাসী দিলীপ সরকারের ছেলে। তার বিয়ে ঠিক হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে।

পরিবার জানায়, অমিত সম্প্রতি দেশে আসেন বিয়ে করার জন্য। বুধবার ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রীসহ রওনা হন। তবে পথে তার বুকে ব্যথা শুরু হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

তারা আরও জানান, চান্দিনার ডুমুরিয়া গ্রাম থেকে বরযাত্রী নিয়ে রওনা হয়েছিলেন অমিত কুমার সরকার। রাত ৯টার দিকে যাত্রা শুরু করে তারা যখন গৌরীপুর এলাকায় পৌঁছান, তখন হঠাৎ অমিতের বুকে তীব্র ব্যথা ওঠে। তাকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, এর আগেও তিন বছর আগে অমিতের ছোট ভাই আশিক সরকার ঘুমের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। দুই সন্তানের মধ্যে বড় ছেলে অমিতই ছিল বাবা দিলীপ সরকার ও মা রাধা রাণী সরকারের ভরসা। সেই ছেলেই এবার চলে গেল।

অমিতের প্রতিবেশী গুরুপদ সরকার জানান, তিনি নিজেও বরযাত্রীর গাড়িবহরে ছিলেন। কিছুক্ষণ আগেই তারা অমিতের গাড়িকে অতিক্রম করেছিলেন। হঠাৎ চালক ফোন করে জানায়, বর অসুস্থ, দ্রুত গৌরীপুরে ফিরে আসতে হবে। পরে ঢাকায় নেওয়ার পর সেখানেই অমিত মারা যান। বিয়ে আর হয়নি। আনন্দময় মুহূর্ত কাঁটায় ভরা শোকে পরিণত হয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন