মেয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে, ২০ বছর পর ফিরলেন নিজ গ্রামে!

Liberty News Desk
সংগৃহীত ছবি

ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার কলমী ইউনিয়নের নংলাপাতা গ্রামের সালাউদ্দিন ফরাজি নামে এক বৃদ্ধ ২০ বছর আগে নিখোঁজ হয়েছিলেন। সম্প্রতি তিনি হঠাৎ নিজ গ্রামে ফিরে আসেন, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন ফরাজি (৬৫) প্রায় তিন যুগ আগে পরিবারসহ ঢাকায় যান। সেখানে মোহাম্মদপুর এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০০৫ সালে মেজো মেয়ের বাড়ি গাজীপুরে যাওয়ার উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ হন তিনি। এরপর দীর্ঘ ২০ বছর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করেই ২০২৫ সালে তিনি নিজ গ্রামে ফিরে আসেন।

তবে এত বছর তিনি কোথায় ছিলেন বা কীভাবে ফিরে এসেছেন, সে বিষয়ে তার মুখ থেকে কিছু জানা সম্ভব হয়নি। পরিবারের দাবি, বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।

সালাউদ্দিনের বড় মেয়ে রেখা বেগম জানান, তারা বহু আগেই ধরে নিয়েছিলেন বাবা আর জীবিত নেই। হঠাৎ ফিরে পাওয়ায় তারা আবেগাপ্লুত হলেও পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং বাবার ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, মায়া নদী ব্রিজ এলাকার আশপাশে ঘোরাফেরা করা এক বৃদ্ধকে পরিবারের সদস্যরা নিখোঁজ সালাউদ্দিন বলে শনাক্ত করেন। ২০০৫ সালে ঢাকায় হারিয়ে যাওয়া ব্যক্তি হিসেবে থানায় আগেই একটি জিডি করা হয়েছিল। পরিচয় নিশ্চিতের জন্য ওই বৃদ্ধকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে, তিনিই সালাউদ্দিন কিনা।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন