মামলা বাণিজ্যের শিকার রুবেল, ৯ মাস ধরে নির্দোষ হয়ে কারাবন্দি

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

অনিক খাঁন, ঢাকাঃ স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয় অংশীদার ছিলেন ব্যবসায়ী আবু তালেব রুবেল। কিন্তু এখন তিনি নিজেই একটি প্রশ্নবিদ্ধ মামলার আসামি হয়ে দীর্ঘ ৯ মাস ধরে জেলহাজতে। পরিবার বলছে এটি ‘মামলা বাণিজ্যের’ ফাঁদ, যার শিকার হয়েছেন রুবেল।

রুবেলের স্ত্রী নুরুন্নাহার রুনু জানান, ২০২৪ সালের ১৮ জুলাই রুবেল নিজ জেলা কুমিল্লার শাহরাস্তিতে অবস্থান করছিলেন। তাঁর ছোট ভাই সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরলে ওইদিন তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা হয়। কিন্তু পরদিন, ১৯ জুলাই ঢাকার রামপুরায় ঘটে যাওয়া এক মারামারির ঘটনায় রুবেলের নাম জড়িয়ে দেওয়া হয় একটি হত্যা মামলায়।

নিহত হাসিব আহাসানের পরিবারের কেউ না হয়ে, প্রতিবেশী মাসুদ রানা ওই মামলার বাদী হন। মামলায় অভিযোগ, ১৯ জুলাই আহত হয়ে হাসিব ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অথচ, রুবেলের পরিবার ও প্রতিবেশীরা নিশ্চিত করেছেন, ওই সময় রুবেল ঢাকার বাইরে ছিলেন।

রামপুরা থানার মামলা নম্বর—৪, ৩/৯/২৪, জিআর ১৫৮/২৪ অনুযায়ী, রুবেলকে গ্রেপ্তার করা হয় মালিবাগ বাজারে তাঁর দোকান থেকে, গত ১ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে।
কিন্তু বিস্ময়করভাবে বাদী মাসুদ রানা নিজেই স্বীকার করেছেন, ‘‘আমি রুবেলকে চিনি না, কখনো দেখিওনি। কীভাবে তাঁর নাম মামলায় এসেছে, তা আমি জানি না।’’

রুবেলের স্ত্রী অভিযোগ করেন, ব্যবসায়িক দ্বন্দ্বে স্থানীয় কিছু ব্যক্তি বাদীকে অর্থের বিনিময়ে প্রভাবিত করেন। এভাবে একটি হত্যা মামলায় জড়ানো হয় তাঁর স্বামীকে।

রুবেলের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে সানিয়া তালেব সুপ্তি কুমিল্লা মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ৯ মাস ধরে বাবার অনুপস্থিতিতে পরিবারটি চলছে চরম অনিশ্চয়তায়। দোকান ভাড়া দিতে না পারায় ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে গেছে, বাসা ছাড়তে বাধ্য হয়েছে পরিবার।

এ অবস্থায় পরিবারের একমাত্র ভরসা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা ও রুবেলের মামা জাকির পাটোয়ারী। তাঁর সহযোগিতাতেই পরিবারটি কুমিল্লায় কোনোভাবে টিকে আছে।

রুবেলের পরিবার গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছে এই ‘ভুয়া মামলার’ বিচার যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হয় এবং রুবেলকে দ্রুত জামিনে মুক্তি দিয়ে সংসারে ফিরিয়ে আনা হয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন