গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানায় এসব মামলা করা হয়।
চারটি মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা মোট ৫,৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ১৫৩, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বাকি একজনের হত্যা মামলা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। গোপালগঞ্জ সদর থানায় পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাত পরিচয়ের নেতাকর্মী ও দুষ্কৃতকারীকে এসব মামলায় আসামি করা হয়েছে।
গোপালগঞ্জে সংঘাত-সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়। তারা হলেন গোপালগঞ্জ পৌরসভার উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), জেলার টুঙ্গিপাড়া উপজেলার সোহেল রানা মোল্লা (৩৫), কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হরিণাহাটি গ্রামের রমজান কাজী (১৮), ভেড়ার বাজার ব্যাপারীপাড়া এলাকার ইমন তালুকদার (১৮) ও থানাপাড়া এলাকার রমজান মুন্সী (৩৫)।
এর মধ্যে ৪জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়। সোহেল হত্যা হামলার বাদী এসআই আবুল কালাম আজাদ, দীপ্ত সাহা হত্যা মামলার বাদী এসআই শামীম হোসেন, ইমন হত্যা মামলার বাদী এসআই শেখ মিজানুর রহমান। এই তিন হত্যা মামলার প্রতিটিতে অজ্ঞাতনামা ১,৫০০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে রমজান কাজী হত্যা মামলা করেন এসআই মো. আইয়ুব আলী। এই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৯০০ জনকে। তবে রমজান মুন্সীর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এর আগে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অভিযোগে মোট ৪টি মামলা করা হয়। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় মামলাগুলো করে পুলিশ। ৪টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২,৬৫০ জনকে আসামি করা হয়।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






