খুলনার ডুমুরিয়ায় সংঘবদ্ধ হামলার (মব অ্যাটাক) শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। নিষিদ্ধ ঘোষিত কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আছাফুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে ডুমুরিয়া বাজারের পাশে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ব্যক্তিগত কাজে ডুমুরিয়ায় যান আছাফুর রহমান। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ৫-৬ জন অপরিচিত যুবক তাকে ঘিরে ফেলে এবং টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা উত্তেজিত হয়ে ওঠে। এরপরক্ষণেই শুরু হয় বর্বর মারধর।
একাধিক হামলাকারী মিলে তাকে রাস্তায় ফেলে পায়ের ওপর লাঠি দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে আছাফুর মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর তার আর্তচিৎকার শুনে আশপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডুমুরিয়ার একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা নগরীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসক জানিয়েছেন, “আছাফুর রহমানের ডান পায়ে গভীর আঘাত রয়েছে। হাড়ে চিড় ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে। তার শরীরের আরও কয়েকটি স্থানে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। বিস্তারিত পরীক্ষার জন্য ভর্তি রাখা হয়েছে।”
আছাফুরের পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। তাদের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই একে ‘রাজনৈতিক সহিংসতা’ হিসেবে উল্লেখ করেছেন। অনেকের মতে, খুলনা অঞ্চলে ছাত্র ও যুব রাজনীতির পরিসর যেভাবে সীমিত হয়ে পড়ছে, এ ধরনের হামলা তারই একটি উদ্বেগজনক দৃষ্টান্ত।
আছাফুর রহমান কয়রা উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। ২০১৫ সাল পর্যন্ত তিনি সংগঠনের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আপাতত আছাফুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত হলেও পায়ে অপারেশন লাগতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






