ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নেভাতে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে দুই দফায় ঘটনাস্থলে যেতে হয়। প্রথম দফায় রাত ১২টার দিকে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে রাত দুইটার দিকে বাস থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে আবার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দ্বিতীয়বার গিয়ে তারা কোনো আগুন দেখতে পায়নি। ধোঁয়া বের হওয়াকে তারা স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের দলনেতা সাইফুল ইসলাম বলেন, বাসটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বাসে আগুন লাগার কোনো সুযোগ নেই। কীভাবে আগুন লাগল, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘গত ঈদুল আজাহার আগে আরএসএফ পরিবহনের বাসটি মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। বাসটি সড়ক দুর্ঘটনা মামলার আলামত হিসেবে জব্দ করে রাখা হয়েছিল। বাসটি জব্দ করে থানার দেড়শ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল। মালিকপক্ষ লোক বাসটির দেখাশুনা করত। শনিবার দুপুর থেকে তারাও ছিলেন না। রাত সাড়ে ১১টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। কীভাবে আগুনের সুত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কিনা জানি না।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






