সোহাগ হত্যা : মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

তারিক লিটু, ঢাকাঃ রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী মো. সোহাগ হত্যার প্রতিবাদে ছয় দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী সৈয়দ মো. বশির উদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাজী মো. গোলাম মাওলা, সহ-সভাপতি মো. ছিদ্দিকুর রহমানসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক হাজী মো. গোলাম মাওলা বলেন, পুরান ঢাকা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এখানকার ব্যবসায়ীরা প্রতিনিয়ত চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে আছেন। তিনি বলেন, ৯ জুলাই দিবালোকে মিটফোর্ড হাসপাতালের পাশে প্রকাশ্যে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি এ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সমিতি নেতারা জানান, সাত দিনের মধ্যে হত্যার বিচার প্রক্রিয়া শুরু না হলে তারা বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।

এছাড়া হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে পুরান ঢাকা ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করার দাবি জানানো হয়। নেতারা বলেন, এলাকায় সক্রিয় সন্ত্রাসী চক্র, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পুরান ঢাকার ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিহত সোহাগের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনেরও দাবি জানানো হয়।

নেতারা বলেন, দাবি আদায় না হলে ব্যবসায়ীরা রাজপথে নেমে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। সংবাদ সম্মেলনে মরহুম সোহাগের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং অবিলম্বে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন