নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের বদরুদ্দিনের ছেলে আশিক (২২), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন বন্ধু এক মোটরসাইকেলে খেলার সামগ্রী কিনতে নরসিংদী যান। বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে সামনে থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিক্যালে নেয়ার পথে অপুর মৃত্যু হয়।
নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতেন। খেলার সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, ‘খবর পেয়ে আমরা আহত তিনজনকে শিবপুর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন, অপরজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।’
শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন।
এলএনডি/এমআর
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






