ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে ফুলকুমার নদের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। মাঝখানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় চার গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
জানা গেছে, ১৯৯০-৯১ অর্থবছরে ফুলকুমার নদের ওপর নির্মিত হয় প্রায় ৩৩ মিটার দৈর্ঘ্য ও আড়াই মিটার প্রস্থের এই সেতুটি। প্রায় এক বছর আগে এর মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়। সেতুর দুই পাশের রেলিংও ভেঙে গেছে। বর্তমানে এটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা প্রকৌশল বিভাগের পক্ষ থেকে এক সময় ‘সাবধান, ঝুঁকিপূর্ণ সেতু, চলাচল নিষেধ’—লিখে একটি সাইনবোর্ড টানানো হলেও সেটিও এখন আর নেই। বর্তমানে এলাকাবাসী ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করলেও যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে বহুগুণ।
এই সেতু দিয়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি, পূর্ব ও পশ্চিম ভোটহাট এবং জয়মনিরহাট ইউনিয়নের বাউসমারী ও শিংঝাড় গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। এছাড়া আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন এ সেতু ব্যবহার করে। স্থানীয়দের আশঙ্কা, সেতুটি যেকোনো সময় সম্পূর্ণভাবে ধসে পড়লে এসব এলাকার সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
মানিককাজি ঘাটপার বাজারের ব্যবসায়ী ওসমান, আরিফ ও মাইদুল জানান, সেতুতে বড় গর্ত হওয়ায় বাজারে পণ্য সরবরাহকারী গাড়ি প্রবেশ করতে পারছে না। ফলে পণ্য কিনতে উপজেলা সদরে যেতে হচ্ছে, এতে পরিবহন খরচ বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিন্তু ক্রেতারা বাড়তি দামে পণ্য কিনতে চাচ্ছেন না, ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন তারা।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইছাহাক আলী বলেন, ‘ক্ষতিগ্রস্ত সেতুর বিষয়টি অনেক আগেই উপজেলা প্রকৌশলীর দপ্তরকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে।’
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, ‘আমি সদ্য যোগ দিয়েছি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এলএনডি/এনই
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






