কমলনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

Liberty News Desk

এম এ এহসান রিয়াজ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে শাহনাজ বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নের সেলামত হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ ওই বাড়ির ফারুক হাওলাদারের স্ত্রী। তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন।

গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাদের বাড়িতে ভিড় করেন। মাকে হারিয়ে সন্তানেরা শোকে বিলাপ করছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক আত্মীয় জহির উদ্দিন রিয়াজ জানান, রবিবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বাড়ির পাশে কাজ করা এক শ্রমিককে ডেকে আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন শাহনাজ বেগম। এসময় তার সন্নিকটে থাকা একটি সুপারি গাছে বজ্রপাত হলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পরামর্শ দিলে তার স্বজনরা দ্রুত তাকে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহনাজ বেগমকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবরটি স্থানীয়দের মাধ্যমে পেয়েছি।”

এলএনডি/এনই

English News : www.libertynewsbd.com
বাংলা সংবাদ : www.bangla.libertynewsbd.com
X : www.x.com/libertynewsbd
Instagram : www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন