কুষ্টিয়ায় নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি ও ভারতে মুসলমান নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার শহরের বড় বাজার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে শেষ হয়।
মিছিল শেষে গণসমাবেশে বক্তারা বলেন, নাস্তিক ও কথিত নারীবাদের প্রতিনিধিদের দিয়ে গঠিত এ কমিশনের সুপারিশগুলো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এই কমিশন বাতিলের দাবি করছি। সমাবেশে ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাও. আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মাও. শামসুল হক, সহ-সভাপতি মাও. আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. আব্দুল লতিফ খান প্রমুখ।
এসময় হেফাজতে ইসলামের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
এলএনডি/বিজি






