মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) সমমান করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, দিনাজপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলার সাতটি নার্সিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোকনুজ্জামান রনি, শ্রাবণী আক্তার, সাকিব রায়হানসহ অনেকে।
শিক্ষার্থীরা জানান, এসএসসি ও এইচএসসি পাস করে তারা তিন বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমা কোর্স এবং ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করেন। কিন্তু চাকরির ক্ষেত্রে তাদের এই ডিপ্লোমাকে এইচএসসি সমমান হিসেবে গণ্য করা হয়, যা একটি বড় বৈষম্য। এই বৈষম্য দূর করে ডিপ্লোমা কোর্সকে স্নাতক বা ডিগ্রি পাস কোর্সের সমমান করার দাবি জানান তারা।
দ্রুত সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।






