সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌরসভার বিলাসদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে সুমাইয়া রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক জহিরুল ইসলাম।






