শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। তিনি আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের আবু তালেবের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার ডোমনপুকুর গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটকের আগে জনগণের ধাওয়া খেয়ে মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) একটি কক্ষে আত্মগোপন করেছিলেন কাজল। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরিতে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি ও তার স্ত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, আরিফুল ইসলাম কাজলকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তিনি জামিনে ছিলেন।






