ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইকেরছড়া গ্রামে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে আশপাশের ফসলি জমি ও রাস্তা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, পাইকেরছড়া গ্রামের জনৈক মজনু মিয়া ও তার লোকজন একটি ছোট পুকুর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছে। এর ফলে পুকুর সংলগ্ন ফসলি জমি ভেঙে পড়ছে এবং আশেপাশের চাষাবাদ হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে গছিডাঙ্গা কুড়ার পাড় থেকে পাইকেরছড়া আদর্শ মোড় পর্যন্ত নির্মাণাধীন রাস্তারও ক্ষতিসাধনের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা রমিচ উদ্দিন, রানা, শের আলী, আরফান আলী, মানিক উদ্দিন ও আনোয়ার জানান, এই এলাকা চরাঞ্চল হওয়ায় এখানকার মাটি স্বাভাবিকভাবেই দুর্বল। ফলে ড্রেজার মেশিনে গভীর থেকে বালু উত্তোলন করলে চারপাশের বিস্তীর্ণ এলাকা ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও জানান, মাটি উত্তোলনে বাধা দিলে সংশ্লিষ্টরা বিভিন্নভাবে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করছেন। তারা অবিলম্বে ঘটনাস্থলে তদন্ত করে ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মজনু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”






