শাজাহানপুরে সোনামণি সংগঠনের উদ্যোগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

Liberty News Desk

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : গাজায় নিরীহ জনসাধারণের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত হাদীস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত শাজাহানপুর উপজেলার কুষ্টিয়া দারুল হাদীস সালাফিয়া ও তাহফিযুল কুরআন মাদরাসার সোনামণি সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় মাঝিড়া ক্যান্টনমেন্ট (বি-ব্লক) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট (বি-ব্লক) এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে বৃ-কুষ্টিয়া রোডে গিয়ে শেষ হয়।
মাদরাসার সভাপতি আলহাজ্ব দিলবর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আহসান হাবীবের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক আল মাহমুদ জাকির, সহকারী শিক্ষক ইমরান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা শাহাদাৎ হোসেন, মাওলানা আব্দুল মাজিদ, মাওলানা হাবিবুর রহমানসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চালানো নির্মম হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং ইসরায়েলি আগ্রাসনের আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ইসরায়েলি সব ধরনের পণ্য সামগ্রী বয়কট করার আহ্বান জানান বক্তারা।

এলএনডি/এনই

শেয়ার করুন