মাসুম বিল্লাহ, আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী কর্তৃক পক্ষপাতদুষ্ট রায় দিয়ে বিবাদী পক্ষের জমির স্বত্ব বাতিল এবং উভয় পক্ষকে সংঘাতের মুখোমুখি দাঁড় করানোর অভিযোগে রায় বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে প্রতাপনগরের দিঘলার আইট জোয়ার্দার বাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন রায়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন লিয়াকত আলী জোয়ার্দার, জামিরুল ইসলাম, আকবর আলী জোয়ার্দার ও জাহানারা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, “আমরা চাকলা তেলিখালি মৌজার ডিএস ১৩৮ নং খতিয়ানে রেকর্ডকৃত মালিক সোনাই জোয়ার্দার ও এসএ ২১১ নং খতিয়ানে রমজান জোয়ার্দারের ওয়ারিশ। আমাদের বসতভিটা ও বেশ কিছু বিলান জমি আইলার জলোচ্ছ্বাসে নদী ভাঙনের শিকার হয়ে খাল ও খানাখন্দে পরিণত হয়েছে।”
তারা জানান, “দীঘলার আইট গ্রামের মৃত মুজিবর ঢালীর ছেলে আনারুল ইসলাম আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করতে চাইলে, গত বছরের ২ নভেম্বর প্রতাপনগর ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দাখিল করি। এরপর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জমির বর্তমান অবস্থা না দেখে শুধুমাত্র এসএ খতিয়ানের ভিত্তিতে আমাদের ভিটা বাড়ির ওপর অধিকার নেই বলে রায় দেন, যা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।”
বক্তারা এই রায় প্রত্যাখ্যান করে বলেন, “আমরা এই অবিচার মেনে নিতে পারি না। তাই আমরা এই পক্ষপাতদুষ্ট রায় বাতিল করে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নতুন রায় ঘোষণার দাবি জানাচ্ছি।”






