মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে যানজট নিরসনে যৌথভাবে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বীরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।
যানজট প্রতিরোধে থানা পুলিশ, সেনাবাহিনী ও ট্রাফিক সার্জেন্টদের সমন্বয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। শহরের তাজমহল মোড়, কলেজ মোড়, কাহারোল মোড়সহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে গাড়ি তল্লাশি, মোটরসাইকেল থামিয়ে সতর্কীকরণসহ নানা কার্যক্রমের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়।
ইতিপূর্বে বীরগঞ্জের যানজট সমস্যা নিয়ে বিভিন্ন সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। ফলে পুলিশ প্রশাসন যানজট নিরসনে কঠোর নজরদারিতে নামে।
ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফেরা বাসযাত্রী সাহেবুল ইসলাম খোকন (গার্মেন্টস কর্মকর্তা), তার সহধর্মিণী শিউলি আরা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম সুমন, তার স্ত্রী সানু ইসলাম, শিক্ষক সেলিম শাহী, আর্ট কলেজের প্রভাষক জেরিন ফারজানা, পারভেজ, কাজলসহ অনেকেই সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রায় এক যুগ পর এবার খুবই স্বস্তিতে বাড়ি ফেরা সম্ভব হয়েছে। কোথাও কোনো প্রকট যানজট চোখে পড়েনি।”
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর জানান, “ঈদের পূর্ব থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ, এসিল্যান্ড ও পৌর প্রশাসকের (চলতি দায়িত্বে) নির্দেশনায় জনসচেতনতামূলক সভা-সেমিনার, মাইকিংসহ বিভিন্ন প্রচার চালানো হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে যানজট প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রয়েছে।”
এলএনডি/এনই






