খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের সাতহালিয়া গ্রামে বাথরুম মেরামত করে দেওয়ার কথা বলায় হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি।
ভুক্তভোগী রোকন সানা (৪৫) জানান, এক বছর আগে রাজমিস্ত্রি বকুল সরদারের (৪৮) মাধ্যমে তিনি একটি পাকা বাথরুম নির্মাণ করান। তবে এটি যথাযথভাবে তৈরি না হওয়ায় ব্যবহারে সমস্যা হচ্ছিল। বারবার অনুরোধের পরও মেরামত না করায় বুধবার সকালে স্থানীয় উলার মোড় বাজারে বকুল সরদারকে আবারও মেরামতের কথা বলেন তিনি।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বকুল সরদার ফোন করে লোক ডেকে আনেন। পরে তার ভাই ডব্লিউ সরদারসহ কয়েকজন মোটরসাইকেলযোগে এসে রোকন সানাকে এলোপাতাড়ি মারধর করেন। হামলাকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যান বলেও অভিযোগ করেন রোকন সানা।
এ সময় স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাঁদেরও হুমকি দেওয়া হয়। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
এলএনডি/এনই






