মনিরুজ্জামান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দলটির বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও রংপুর-দিনাজপুর আঞ্চলিক টিমের সদস্য মো. আজিজুর রহমান সরকার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রংপুর মহানগরীর সাবেক নায়েবে আমীর মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মো. নিজাম উদ্দিন এবং শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম।
এছাড়াও ঢাকা স্পেশাল জজ আদালতের এপিপি এডভোকেট সাইফুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাফর আলী এবং বর্তমান সভাপতি মুকুল হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নিজেদের গড়ে তুলে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জুলাই-আগস্ট মাসে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এলএনডি/এনই






