সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় পুলিশ সুপার বলেন, “সকল ভেদাভেদ ভুলে ঈদ-উল ফিতর আমাদের মাঝে সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। রমজানের সিয়াম সাধনার পর ঈদ আমাদের আত্মশুদ্ধির প্রেরণা জোগায় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “এবারের ঈদ দেশের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করছে। ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার নতুন এক অধ্যায় উন্মোচিত হয়েছে। ঈদের আনন্দ তাই আরও গভীর ও বিস্তৃত।”
পুলিশ সুপার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও জানান। ঈদ উদযাপনের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গ্রামের বাড়িতে ফিরছেন। তিনি সকলের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হোক এই কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, “ঈদ আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করে, হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।”
এদিকে, ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
এলএনডি/এনই






