ধর্ষকের শাস্তি চেয়ে মহাসড়কে রাবি শিক্ষার্থীরা

Liberty News Desk

সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।

এসময় তারা “অ্যাকশন টু ডু ডাইরেক্ট অ্যাকশন”, “আমার বোনের কান্না আর নয় কান্না”, “একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর”, “ইউ ওয়ান্ট জাস্টিস নো মোর রেপিস্ট”, “খুনি কেন বাহিরে ইনটেরিম জবাব চাই”, “রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন”, আমার বোনের কান্না আর না আর না”, আমার মায়ের কান্না আর না আর না”, “তুমি কে আমি কে আছিয়া আছিয়া” স্লোগান দেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, সারা দেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার করতে না পারা শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার ১ দফা নিয়ে নামতে না হয়। আছিয়া ধর্ষণের দায় ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি আর কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে স্থানীয় প্রশাসন দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, দেশে এসব কী শুরু হয়েছে? সরকারের কাজ কী? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোন? বিচার নেই কেন? সবাই কি ঘুমাচ্ছেন? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

এ সময় সড়কে বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এলএনডি/ এসএইচ

শেয়ার করুন