কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলা, শিক্ষকরা অবরুদ্ধ

Liberty News Desk
সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক ও উপাধ্যক্ষ প্রশাসনিক ভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার ওপর শুক্রবার দুপুরে হামলা চালানো হয়। হামলার পর বেশ কয়েকজন শিক্ষক ও উপাধ্যক্ষ প্রশাসনিক ভবনে অবরুদ্ধ রয়েছেন।

এ হামলার সূত্রপাত ১৩ জানুয়ারি, যখন কলেজের ডিগ্রি শাখার মসজিদে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ২০ জানুয়ারি অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন। এর জেরে ২১ জানুয়ারি অধ্যক্ষকে অবরুদ্ধ করে কলেজের নজরুল হলের শিক্ষার্থীরা এবং স্থানীয় বাসিন্দারা।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কলেজ প্রশাসন ইমাম মো. মারুফ বিল্লাহকে নানা অভিযোগ তুলে অব্যাহতি দেয়। ১৮ ফেব্রুয়ারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর থেকে শুক্রবার নামাজের সময় পূর্ববর্তী ইমামকে বহাল করার দাবি জানাচ্ছিল স্থানীয় একটি পক্ষ।

শুক্রবার, নামাজ শুরুর আগেই স্থানীয় কিশোর ও যুবকরা কলেজের অধ্যক্ষের ওপর হামলা চালায় এবং গায়ে আঘাত করে। নজরুল হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করতে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসলেও স্থানীয়দের আক্রমণে প্রথমে পিছু হটে, তবে পরে আবার কলেজে প্রবেশ করে। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, “হামলায় অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। আমরা এখন অবরুদ্ধ অবস্থায় আছি। মূলত ইমামকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ হামলা ঘটেছে।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে কলেজে যাচ্ছি।”

লিবার্টি/বিজি

শেয়ার করুন