মনজিদ আলম শিমুল, দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্র ও চার প্রশাসনিক কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রলীগকে সংঘটিত করে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন—ফিল্ড এক্সটেনশন অফিসার মো. রাব্বান শেখ, সেকশন অফিসার মো. ইলিয়াস কাঞ্চন, ফিল্ড এক্সটেনশন অফিসার শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম এবং ছাত্র জুবায়ের হোসেন। তারা সবাই হাবিপ্রবির ছাত্রলীগের নেতাকর্মী।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, ছাত্রলীগকে সুসংগঠিত করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ অক্টোবর দিনাজপুর ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসার সময়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এলএনডি/টিএল






