রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল সোমবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।
সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ সিদ্ধান্তে আমরা গভীরভাবে হতাশ। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা বহাল থাকলেও আমাদের ক্ষেত্রে তা না দেওয়ায় সোমবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউন শুরু হবে।”
তবে তিনি জানান, শাটডাউনের আওতামুক্ত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমসহ পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে পোষ্য কোটার পক্ষে ও বিপক্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। আজকের সিন্ডিকেট সভায় আপাতত এ কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এলএনডি/এমআর






