সরকারি সাত কলেজকে কেন্দ্র করে নতুন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশের সুস্পষ্ট রোডম্যাপ আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ না করলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, সরকারি সাত কলেজকে দীর্ঘদিন ধরে নিম্নমানের শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে, যার দায়ভার উচ্চশিক্ষা সিন্ডিকেট এড়াতে পারে না।
তিনি অভিযোগ করে বলেন, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীরা বারবার আন্দোলন করেছেন এবং রাজপথে প্রাণ দিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি বা বৃহত্তর স্বার্থে আন্দোলনের ডাক দেননি।
আব্দুর রহমান আরও বলেন, শিক্ষার্থীরা যখনই ন্যায্য দাবির জন্য রাজপথে নামে, তখন কিছু শিক্ষক উল্টো উসকানি দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করেন। তিনি দাবি করেন, অনেক শিক্ষক শিক্ষা মন্ত্রণালয় ও রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সাত কলেজে অবস্থান করছেন, অথচ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পাঠদান করছেন না।
তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষকদের বিরুদ্ধে নয়, বরং যে সিন্ডিকেট মানসম্মত শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন তাদের বিরুদ্ধেই।
আব্দুর রহমান বলেন, “সরকারি সাত কলেজকে কেন্দ্র করে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হলে সব সমস্যার সমাধান সম্ভব। তাই আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে পরিষ্কার রোডম্যাপ প্রকাশ করতে হবে। অন্যথায়, সাত কলেজের শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।”
সংবাদ সম্মেলনে সাত কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে তারা ঢাকা কলেজের অধ্যক্ষের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এলএনডি/এমআর






