জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রয়োজনে তার আগেও হতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য জানান, আমরা বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ করছি। আজও দুপুরে তানজিম উদ্দিন স্যারের সঙ্গে কথা হয়েছে।
শিক্ষার্থীরা লিখিত রোডম্যাপ চাইলে তিনি বলেন, নীতিমালা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই রোডম্যাপ দেওয়া হবে। অনুমোদনের আগেই রোডম্যাপ ঘোষণা করলে সেটির কোনো কার্যকারিতা থাকবে না। আশা করছি খুব শিগগিরই জকসু বিধি অনুমোদিত হবে এবং সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব হবে।
ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য আরও বলেন, ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে দৃশ্যমান উন্নতি হবে।
এর আগে দুপুর থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অনশন শুরু করেন। তাদের দাবিগুলো হলো—
১. সম্পূরক বৃত্তি কার্যকর করার নির্দিষ্ট সময় ঘোষণা,
২. জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ,
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।
অন্যদিকে, একই দিন জকসু নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে সাক্ষাৎ করে। শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান, ইউজিসির চেয়ারম্যান অর্থ উপদেষ্টার কাছে বিশেষ বৃত্তির জন্য চিঠি পাঠিয়েছেন। এ সময় তারা ২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু আইন পাসের আলটিমেটাম দেন।
এলএনডি/এমআর






