জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোটগ্রহণ বন্ধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা শহীদ তাজউদ্দিন আহমদ হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ভোট বন্ধ করে দেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট হল প্রভোস্টের বাকবিতণ্ডাও ঘটে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ব্যালট পেপারে প্রার্থীর ছবি গুলিয়ে দেওয়া হয়েছে, যাতে সহজেই কারচুপির সুযোগ তৈরি হয়। একই সঙ্গে ভোটারদের হাতে ভোট দেওয়ার পর অমোচনীয় কালির ব্যবহারও নিশ্চিত করা হয়নি বলে দাবি করেন তারা।
এবারের নির্বাচনে মোট ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী। ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।
ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—আল বেরুনী ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত ২৯৮ জন, মওলানা ভাসানী ৫১৪ জন, শহীদ রফিক-জব্বার ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হল ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।
ছাত্রীদের হলে ভোটার সংখ্যা হলো—নওয়াব ফয়জুন্নেসা ২৭৯ জন, জাহানারা ইমাম ৩৬৭ জন, প্রীতিলতা ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া ৪০৩ জন, সুফিয়া কামাল ৪৫৬ জন, ১৩ নম্বর হল ৫১৯ জন, ১৫ নম্বর হল ৫৭১ জন, রোকেয়া ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন।
এলএনডি/এমআর






