সারাদিন শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন সম্পন্ন হলেও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল গড়াতেই বিশ্ববিদ্যালয় এলাকায় জমায়েত হতে থাকেন বিএনপি, জামায়াত-শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফলে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। সন্ধ্যার পর নীলক্ষেত, শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়, এতে পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এরই মধ্যে ভোটে কারচুপির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল বের করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, “ফলাফল ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং পুরো এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
এলএনডি/এমআর






