ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী তাহমিনা আক্তার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী ছিলেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তাহমিনা বলেন, “নির্বাচনে সুস্পষ্ট কারচুপি ও দলীয় প্রভাব দেখা যাচ্ছে। অমর একুশে হলে একজন শিক্ষার্থীর ব্যালট নিজে পূরণ করে দেন পোলিং অফিসার। এছাড়া আমাদের ছয়জন এজেন্ট রাখার অনুমতি চাওয়া হলেও কাউকেই অনুমোদন দেওয়া হয়নি।”
তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ নয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। তাই তিনি এ ভোটকে “প্রহসনমূলক” আখ্যা দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পাশাপাশি কারচুপিতে জড়িতদের বিচারের দাবি জানান।
তাহমিনা আরও বলেন, শিবির প্রার্থীর পক্ষে আগে থেকেই পূরণ করা ব্যালট ব্যবহারসহ নানা জালিয়াতি হচ্ছে। এ কারণেই তিনি ভিপি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং নির্বাচন বর্জন করছেন।
এ সময় তিনি নির্বাচন পরিচালনায় শিবিরপ্রীতি ও পক্ষপাতের অভিযোগ তুলে উপাচার্যসহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেন এবং এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এলএনডি/এমআর






