ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।
এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭০ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলের প্রতিটি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ১০৮ জন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দেন।
প্রতিটি কেন্দ্রে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করবে। সব মিলিয়ে চূড়ান্ত ফল জানতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
উল্লেখ্য, প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ এটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে, দীর্ঘ ২৮ বছর পর। এরপর আর নির্বাচন হয়নি। অবশেষে ছয় বছর বিরতির পর এবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
এলএনডি/এমআর






