ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে ডিএমপির ডিসি মোল্লা আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “ডাকসু নির্বাচন উপলক্ষে আজ ভোর ৬টা থেকে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ডিসি আজাদ আরও জানান, “এখন পর্যন্ত কোনো ধরনের আশঙ্কাজনক তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ সব সময় সতর্ক রয়েছে।”
ডিএমপি জানিয়েছে, রাত ৮টার পর থেকে বৈধ পাস ছাড়া কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
অন্যদিকে, ভোটগ্রহণ চলাকালে ভোটারদের মোবাইল ফোন, ব্যাগ, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো দ্রব্য নিয়ে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের দপ্তর।
এছাড়া, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কারো বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, এই সময়ে অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এলএনডি/এমআর






