ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম জানান, নৃশংস ঘটনার দায়ে জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
জালাল আহমদ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত জালালকে আদালতে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থী রবিউল ঘটনার বর্ণনায় বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকে। এতে তার ঘুম ভেঙে গেলে তিনি আপত্তি জানান। এতে ক্ষুব্ধ হয়ে জালাল তাকে বহিরাগত বলে গালাগাল করে এবং পরে ছুরিকাঘাত করে জখম করে। তিনি কোনোমতে আত্মরক্ষা করতে সক্ষম হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত অভিযুক্ত জালালকে পুলিশে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আসন্ন ডাকসু নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।
এলএনডি/এমআর






