দ্বিতীয় দিনেও মহাসড়কে ক্লাস করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

Liberty News Desk
সংগৃহীত ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়কে ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের অস্থায়ী ক্যাম্পাসের সামনে সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা রাস্তায় বসে ক্লাস করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সাল থেকে ভাড়া ভবনে একাডেমিক কার্যক্রম চলছে। বর্তমানে তারা ক্লাসরুম, আবাসন, পাঠাগার, খেলার মাঠ, এমনকি নিরাপত্তার সংকটেও রয়েছেন, বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে রয়েছে মারাত্মক শঙ্কা।

তারা জানান, গত ৯ বছরে ৮ বার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেওয়া হলেও তা এখনো একনেক সভায় অনুমোদিত হয়নি। সর্বশেষ ৫১৯ কোটি টাকার একটি সংশোধিত ডিপিপি জমা দেওয়া হলেও সেটিও একনেক এজেন্ডায় ওঠেনি।

তাদের অভিযোগ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত না করে বরং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বড় বাজেট অনুমোদনের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি করা হচ্ছে। এ অব্যবস্থার বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তারা জানান, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন তারা। ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও দিবস বর্জনের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। এরপর গত দুই দিন ধরে মহাসড়কে বসে প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করছেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সরকার কোনো সাড়া দিচ্ছে না। এবারের আন্দোলনে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন