হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। তখন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়ার আগে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

তিনি জানান, পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছেন। তবে কীভাবে পড়েছেন বা লাফ দিয়েছেন কি না, তা বলতে পারা যাচ্ছে না।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ‘চা বাগান’ এলাকায়। তিনি ওই এলাকার মনিরুদ বাড়াইকের ছেলে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন