চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম আলমাস মাহফুজ রাফিদ।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত আলমাস শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন ক্যাম্পেইন ও বৈঠকে তাকে দেখা গেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করে বলেন, গত ৯ জুলাই চারুকলা ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষার্থী আলমাস মাহফুজ রাফিদ আমার সঙ্গে আলোচনার কথা বলে পুরাতন কলার (ড. আব্দুল করিম ভবন) ছাদে বিভিন্ন হুমকি দিয়ে নিয়ে যায়। এরপর সেখানে সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে যৌন হয়রানি এবং ধর্ষণের চেষ্টাও করে। অভিযোগপত্রে ভুক্তভোগী আরও উল্লেখ করেন, এর আগের রাতে সে আমাকে হুমকি দিয়ে বলে, তার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করতে হবে, নয়তোবা আমার নামে বিভিন্ন গুজব রটাবে। এভাবে সে ক্রমাগত আমাকে হুমকি দিয়েই যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলমাস মাহমুদ রাফিদ বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সময়ে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক না থাকলেও মাঝেমধ্যে তারা ঘনিষ্ঠ হতো। এটা সে শুরুতে অস্বীকার করলেও পরে তার বন্ধু তা স্বীকার করে নেয়। এরপর সে আমার কাছে মাফ চেয়ে অনুরোধ করে যেন এসব ইনস্টিটিউটে জানানো না হয়।’
অভিযুক্ত আলমাস আরও বলেন, এখন তাদের মধ্যে ঘটে যাওয়া কর্মকাণ্ড যেন প্রকাশ না পায় এজন্য সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো কামাল উদ্দিন বলেন, বিষয়টি যৌন নিপীড়ন সেলে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দিলে আমরা এর ব্যবস্থা গ্রহণ করব।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






