মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়ন ত্বরান্বিত করতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি জোরালো অংশীদারিত্ব, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরেন, যাতে কোনো নারী ও কন্যা পিছিয়ে না পড়ে।
বৃহস্পতিবার নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ৬৯) ৬৯তম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা শারমিন মুরশিদ তার বক্তব্যে জাতীয় মুক্তি, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের সংগ্রামে নারীদের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে তরুণ বিপ্লবীদের ৬৫% ছিলেন নারী।
তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে, যা দেশের জেন্ডার ল্যান্ডস্কেপকে চিরতরে পরিবর্তন করেছে।
শারমিন মুরশিদ বলেন, বেইজিং ঘোষণা এবং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করার জন্য একটি রূপান্তরমূলক সংস্কার এজেন্ডা চালু করেছে। প্রথমবারের মতো নারীর ক্ষমতায়নের মৌলিক পূর্বশর্ত হিসেবে নারীর বিরুদ্ধে সহিংসতা দূর করতে একটি ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে। এছাড়া, সহিংসতার শিকার নারীদের ২৪ ঘণ্টার মধ্যে সহায়তা প্রদানের জন্য একটি কুইক রেসপন্স টিম চালু করা হয়েছে।
সিএসডব্লিউ৬৯ অধিবেশনের অংশ হিসেবে উপদেষ্টা ‘ন্যাশনাল মেকানিজম ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেন অ্যান্ড গার্লস: রিকমিটিং, রিসোর্সিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং ইমপ্লিমেন্টেশন অব দ্য বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন টু দ্য অ্যাচিভমেন্ট অব দ্য এসডিজিস’ শীর্ষক মিনিস্ট্রিয়াল গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও সেরা চর্চাগুলো উপস্থাপন করেন।
সিএসডব্লিউ৬৯ সম্মেলনের ফাঁকে উপদেষ্টা চীন, সুইডেন, মেক্সিকো ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় বাংলাদেশে সামাজিক ব্যবসার মাধ্যমে নারী উন্নয়ন, লিঙ্গ সমতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কেয়ার ইকোনমির উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
তিনি ‘ইনভেস্টিং ইন কেয়ার-এ পাথওয়ে টু ইকোনমিক গ্রোথ অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এই অনুষ্ঠানে নেপালের মন্ত্রী, বাংলাদেশ, নেপাল ও ফিনল্যান্ডের উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি, ইউএন উইমেন, আইএলও, এডিবি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। এছাড়া, তিনি তুরস্ক ও তিউনিসিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
উপদেষ্টা শারমিন এস মুরশিদ ১০ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন। তিনি বিশ্বব্যাংকের সঙ্গে লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সেবায় বিনিয়োগ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে অংশীদারত্ব বিষয়ে সংযুক্ত হচ্ছেন।
এলএনডি/বিজি






