তারিক লিটু,ঢাকা : জাতীয় গণমাধ্যম সপ্তাহের আগে এর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির নেতারা বলেছেন, আসন্ন ১-৭ মে ৯ম বারের মতো সারাদেশে গণমাধ্যম সপ্তাহ উদযাপিত হবে। এর আগে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে এক ইফতার মাহফিলে এই দাবি জানান সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বিএমএসএফ আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কামরুজ্জামান আহমেদ মজুমদার, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, এনপিএস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, নারী নেত্রী মমতাজ বেগমসহ অনেকে। এছাড়া বিএমএসএফের আইন উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংবাদিক নেতারা সভায় অংশ নেন।
বিএমএসএফের নেতারা জানান, জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির পাশাপাশি সংগঠনের মেয়াদোত্তীর্ণ শাখাগুলো পুনর্গঠন এবং নতুন কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৪ দফা দাবি বাস্তবায়ন ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল বাতেন বাচ্চু।






