প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে ফারুক বলেন, “আপনি জাতিসংঘের মহাসচিবকে বলে দেবেন যে শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। আরও বলে দেবেন যে, তারেক রহমান ও খালেদা জিয়ার হারানোর কিছু নেই।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে তিনি বলেন, “আপনি যদি সত্যিই বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, তাহলে হাসিনার মতো ফ্যাসিস্টকে কখনোই সমর্থন করতেন না। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছেন। এদেশের মাটিতে হাসিনার সব অপকর্মের বিচার হবে।”
তিনি আরও বলেন, “আমাদের অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে যদি পরবর্তী সরকারও হাসিনার মতো ফ্যাসিবাদ কায়েম করে, তাহলে সেটি কখনোই মেনে নেওয়া হবে না। আমরা আবারও রাজপথে লড়াই করবো।”
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এলএনডি/বিজি






