খুলনায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

Liberty News Desk

শাহ হিরো,খুলনা:

জাতীয় ঐক্যের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৭ মার্চ) খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আয়োজনে হোটেল সিটি ইন-এ নগরীর বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনার রশীদ খান, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস ও নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা নাসির উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস।

দীর্ঘ এক যুগ পর খুলনায় জামায়াতে ইসলামীর এ ধরনের আয়োজন রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এলএনডি/ এসএইচ

শেয়ার করুন