পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে উদ্ধার একই পরিবারের ১১ নারী-শিশু

Liberty News Desk

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনীর যৌথ বাহিনী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এর আগে, টানা দুই দিনের অভিযানে বন্ধুত্বের ফাঁদে পড়ে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। এ সময় মুক্তিপণের টাকা উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে চালানো যৌথ অভিযানে অপহৃত ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়।

ওসি গিয়াস উদ্দিন জানান, স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র একই পরিবারের ১১ জনকে অপহরণ করে। অপহরণকারীরা দেশীয় অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এলএনডি/ এসএইচ

শেয়ার করুন