রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলের বিস্ফোরণে সিয়াম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভসংলগ্ন ফ্লাইওভারের নিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। সেটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সিয়াম একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। শুরুতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ককটেল নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেলটি ছোড়া হয়েছে। এর পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এলএনডি/এমআর






