তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

Liberty News Desk

তুরস্কের রাজধানী আঙ্কারার অদূরে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল-হাদাদ ছাড়াও লিবিয়ার আরও চারজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। মঙ্গলবার রাতে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ‘ফ্যালকন ৫০’ মডেলের একটি বিজনেস জেট মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। রাত ৮টা ৫২ মিনিটে হঠাৎ করে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি আঙ্কারার হাইমানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। পরবর্তীতে তুর্কি জেন্ডারমারির একটি দল আঙ্কারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির বিধ্বস্ত অংশ উদ্ধার করে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবাহ। এক বিবৃতিতে তিনি বলেন, এটি জাতির জন্য একটি বড় ট্র্যাজেডি। সামরিক বাহিনী ও দেশের জনগণ এমন কিছু মানুষকে হারাল, যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশসেবায় নিয়োজিত ছিলেন এবং শৃঙ্খলা ও জাতীয় দায়বদ্ধতার প্রতীক ছিলেন।

লিবিয়ায় কর্মরত আল-জাজিরার সাংবাদিক মালিক ট্রাইনা জানান, আল-হাদাদ একজন পেশাদার ও সম্মানিত সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি কোনো মিলিশিয়া গোষ্ঠীর পক্ষ না নিয়ে আইনের প্রতি দৃঢ় অবস্থান বজায় রাখতেন। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যু লিবিয়ার সামরিক কাঠামোর জন্য বড় ধরনের আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, তুরস্কের সঙ্গে জাতিসংঘ সমর্থিত ত্রিপোলিভিত্তিক লিবিয়ান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি সপ্তাহে তুর্কি সেনাপ্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আঙ্কারা সফরে গিয়েছিলেন জেনারেল আল-হাদাদ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন