গানম্যান পেলেন এনসিপির যে ছয় নেতা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের যোদ্ধা, সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আন্দোলনে সক্রিয় সম্মুখসারির একাধিক ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়াও চলমান রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় এনে আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও গানম্যান পাচ্ছেন।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে গানম্যান চেয়ে আবেদন করেছেন। আবেদনের ভিত্তিতে শিগগিরই কয়েকজন রাজনীতিককে অস্ত্রের লাইসেন্সসহ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ডেমরা-যাত্রাবাড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভির আহমেদ রবিন, পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী জাফির তুহিন, জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

এ ছাড়া ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার এক বোনকে অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়া হবে এবং পরিবারের অন্য সদস্যদের সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তার আওতায় রাখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ফ্যাসিস্ট গোষ্ঠীগুলো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই জুলাই আন্দোলনের যোদ্ধারা ধারাবাহিক হুমকির মুখে রয়েছেন।

গোয়েন্দা সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা দেশ ও বিদেশ থেকে জুলাই যোদ্ধা ও আন্দোলনে যুক্ত নেতাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছিল দীর্ঘদিন। শেষ পর্যন্ত ১২ ডিসেম্বর তাকে গুলি করা হয়। উন্নত চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনার পর সরকার উপলব্ধি করেছে যে, ঝুঁকিতে থাকা জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই ধরনের হুমকির তালিকায় রয়েছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এনসিপির হাসনাত আবদুল্লাহসহ আরও বহু সম্মুখসারির আন্দোলনকারী ও রাজনীতিক।

জানা গেছে, সারা দেশে জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। তবে পুলিশ বাহিনীর সীমিত জনবল এবং অনেক আবেদনকারীর শিক্ষার্থী হওয়া ও ব্যক্তিগত যানবাহন না থাকায় সবাইকে গানম্যান দেওয়া সম্ভব হচ্ছে না। তবুও গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় প্রতিটি আবেদন সরকার সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করছে।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, যারা সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের একজন করে অস্ত্রধারী নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে। যারা তুলনামূলক কম ঝুঁকিতে আছেন, তাদের চলাফেরা ও যোগাযোগ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন