ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত, আহত ৮

Liberty News Desk
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স শহরে অবস্থিত আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সেখানে বন্দুক হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে একজন সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ।

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি এক সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী এখনো পলাতক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘বারাস অ্যান্ড হোলি’ ইঞ্জিনিয়ারিং ভবনের ভেতরে এই হামলা চালানো হয়। ওই সময় ভবনটিতে পরীক্ষা চলছিল।

পুলিশ জানিয়েছে, তারা কালো পোশাক পরিহিত এক পুরুষকে খুঁজছে। সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করতে আশপাশের এলাকার সিসিটিভি ও নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

মেয়র স্মাইলি বলেন, হতাহতদের পরিচয় ও বিস্তারিত অবস্থা এখনই প্রকাশ করা সম্ভব নয়। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, বড়দিনের মাত্র দেড় সপ্তাহ আগে এমন মর্মান্তিক ঘটনা ঘটল—দুজন প্রাণ হারালেন এবং আটজন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন।

আইভি লিগের অন্তর্ভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয় প্রভিডেন্স শহরের কলেজ হিল এলাকায় অবস্থিত। যুক্তরাষ্ট্রের শীর্ষ আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত আইভি লিগের অন্যতম এই প্রতিষ্ঠানটিতে শতাধিক একাডেমিক ভবন, গবেষণাগার ও আবাসিক হল রয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।

চিয়াং-হেং চিয়েন নামে এক শিক্ষার্থী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, তিনি আরও তিনজনের সঙ্গে একটি গবেষণাগারে কাজ করছিলেন। তখন মোবাইলে কাছাকাছি এলাকায় গুলির খবর পান। পরে তারা প্রায় দুই ঘণ্টা ডেস্কের নিচে লুকিয়ে ছিলেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাকে এই ‘বেদনাদায়ক’ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি বলেন, এ মুহূর্তে নিহত ও আহতদের জন্য প্রার্থনাই একমাত্র করণীয়। আহত আটজনকে রোড আইল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল, একজনের অবস্থা গুরুতর এবং আরেকজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন