রাজশাহীর তানোরে গভীর নলকূপের একটি গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে আর বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাতে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলেও আগেই তার মৃত্যু হয়েছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টার দিকে সাজিদকে গর্ত থেকে উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে অরক্ষিত একটি নলকূপের গর্তে পড়ে যায় দু’বছরের সাজিদ। মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হওয়ার সময় খড় দিয়ে ঢাকা থাকা গর্তটি চোখে পড়েনি। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খড় সরিয়ে দেখা যায় খোলা মুখের গভীর গর্তেই পড়ে গেছে শিশু সাজিদ।
স্থানীয়দের অভিযোগ, গত বছর একজন ব্যক্তি এখানে গভীর নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন। ১২০ ফুট পর্যন্ত খননেও পানি না পাওয়ায় পাইপ ও গর্তটি অনিরাপদ অবস্থায় খোলা রেখেই ফেলে রাখা হয়। বর্ষায় গর্তের মুখ আরও বড় হয়ে যায়। সতর্কতা বা কোনো ঢাকনা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
এলএনডি/এমআর






