২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিতে যোগ দিয়েই আলোচনায় আসেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার সেই ক্লাবকে তিনি এনে দিলেন প্রথম এমএলএস কাপ শিরোপা।
বাংলাদেশ সময় শনিবার রাতের পরবর্তী ভাগে চেজ স্টেডিয়ামে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ ব্যবধানে হারায় ইন্টার মায়ামি। ম্যাচে দুটি গোলের সুন্দর অ্যাসিস্ট করেন মেসি। ২০২০ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম শিরোপার স্বাদ পেল ডেভিড বেকহাম মালিকানাধীন দলটি।
এই সাফল্যের সঙ্গে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মেসির শিরোপার সংখ্যা দাঁড়ালো ৪৮টিতে। পাশাপাশি এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
ম্যাচের শুরু থেকেই এগিয়ে যায় মায়ামি। অষ্টম মিনিটে আলেন্দের নেওয়া শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ভ্যানকুভারের এডিয়ের ওকাম্পো।
বিরতির পর ম্যাচে ফিরতে সক্ষম হয় ভ্যানকুভার। ৬০তম মিনিটে আলি আহমেদের দূরপাল্লার শটে সমতা আসে। তার শক্তিশালী শট মায়ামির গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।
সমতা ভাঙে দ্বিতীয়ার্ধের মাঝপথে। ৭১ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নিয়ে মেসি দারুণ এক পাস দেন রদ্রিগো দে পলকে। তিনি সহজেই গোল করে দলকে আবারও এগিয়ে নেন।
শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় ভ্যানকুভার। তবে যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির দুর্দান্ত থ্রু পাস থেকে আলেন্দে গোল করে ব্যবধান ৩-১ নিশ্চিত করেন। শেষ বাঁশির পর মাঠজুড়ে শুরু হয় উৎসব।
এই ম্যাচটি ছিল সার্জিও বুসকেটস ও জর্দি আলবার ক্যারিয়ারের শেষ ম্যাচ। দুই সাবেক বার্সেলোনা তারকার বিদায়ঘেরা মুহূর্তও রঙিন হয়ে ওঠে শিরোপা উদযাপনে।
এলএনডি/এমআর






