সড়ক পরিবহন, সেতু এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা বিকৃত করতে যারা আগ্রহী, তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তিনি বলেন, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হলে যিনিই বিজয়ী হোন, রাষ্ট্র তার পক্ষে দাঁড়াবে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে পাঁচদোনা–ডাঙ্গা সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা ফাওজুল কবির জানান, আগের সরকারের সময়ে শুরু হওয়া পাঁচদোনা থেকে ডাঙ্গা পর্যন্ত ৯ কিলোমিটার দীর্ঘ ৬ লেন সড়কটি মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমদ (নেভাল সিরাজ)-এর নামে উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, মতপার্থক্য ও বিভাজনের কারণে নেভাল সিরাজের মতো দেশপ্রেমিককে জীবন দিতে হয়েছিল। দেশে অসংখ্য স্থাপনার নামকরণ করা হয়েছে—এমনকি শৌচাগারেরও—যার অনেকগুলো জনগণ পরে মুছে দিয়েছে। এখন সময় এসেছে সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা কাটিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে আনার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই-আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ অন্যান্য অতিথিরা।
এ সময় উপদেষ্টা ফারুক ই-আজম বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন ধরে রাখলে অগ্রগতি কখনো সম্ভব নয়। পরস্পরের বিরোধে জড়িয়ে থাকলে সবসময় পিছিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধ থাকলেই সংকট থেকে মুক্ত হওয়া সম্ভব।
এলএনডি/এমআর






